back to top

সকালের আলো ফুটতেই পরিত্যক্ত কারখানায় মিলল এক অচেনা লাশ

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬ ১৩:৫২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (প্রায় ৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার কারণ ও নিহতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে মির্জাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত ওই কারখানার গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় কয়েকজন কারখানার গার্ডরুমের ভেতরে অর্ধবসা অবস্থায় এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, পুরাতন মিরসরাই পেট্রোল পাম্পের সামনে অবস্থিত পরিত্যক্ত কারখানা থেকে উদ্ধার করা মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।