চান্দগাঁওয়ে মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৪:১১

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ১৩ বছরের এক হেফজখানা ছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক মোঃ রফিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম বান্দরবান জেলার লামা থানার কেয়াজু পাড়া এলাকার মোঃ একরামের ছেলে।

তিনি চান্দগাঁও বাহির সিগন্যাল বেপারী পাড়ার ‘শ্যামলী আবাসিক মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানা’র হেফজ বিভাগের শিক্ষক ছিলেন।

মামলা ও র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম শিশুটিকে গত ২ জানুয়ারি রাত আনুমানিক ১১টায় ভয়ভীতি দেখিয়ে প্রথমবার বলৎকার করেন শিক্ষক রফিকুল। বিষয়টি কাউকে জানালে চরম ক্ষতির হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে একাধিকবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সর্বশেষ গত ৯ জুলাই শিশুটি সাহসিকতার সাথে পরিবারকে বিষয়টি জানালে ভিকটিমের মা বাদী হয়ে ১৮ জুলাই চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৩০) দায়ের করেন।

ঘটনার পর থেকে পলাতক থাকা অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।