চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা এলাকায় চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মরদেহ উদ্ধারে গেলে পুলিশের গাড়ি অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২১ জুন) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠ সংলগ্ন রেলওয়ে পাবলিক হাই স্কুলের গেটের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে মারধর করা হয়।
একপর্যায়ে ওই ব্যক্তিকে বৈদ্যুতিক শক দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যায়।
তবে এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি অবরোধ করে রাখে। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
কোতোয়ালী থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।
পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঠিক পরিস্থিতি উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

