২৭ মাস অনুপস্থিতি থেকেও আধুনগর সাব-রেজিস্ট্রার অফিসে অদৃশ্য ক্ষমতা ভুট্টোর!

চট্টগ্রাম রেজিস্ট্রি অফিসেও প্রভাব-রাজনৈতিক ছায়ায় কমিশন বাণিজ্য এখনও বহাল

আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে দুদকের দুই মামলা প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬ ২২:৪৩

সরকারি চাকরির খাতায় তিনি এখনো বহাল। কর্মস্থল লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়। কিন্তু অভিযোগ, টানা ২৭ মাস ধরে সেখানে তাঁর নিয়মিত উপস্থিতি নেই। অথচ নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

শুধু কর্মস্থলেই নয়, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রি অফিস ও অধীনস্থ বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসের প্রশাসনিক কার্যক্রমেও তাঁর প্রভাব রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একাংশের।

তিনি এরাদুল হক ভুট্টো। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সরকারি নিবন্ধন বিভাগের একজন কর্মচারী।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁর আত্মগোপনে থাকার কথা বলা হলেও সংশ্লিষ্টদের অভিযোগ, কর্মস্থলে অনুপস্থিত থেকেও প্রশাসনিক বলয়ে তাঁর প্রভাবের অবসান হয়নি। বদলি, কমিশন বাণিজ্য এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে তাঁকে ঘিরে।

এর মধ্যেই প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে এরাদুল হক ভুট্টো ও তাঁর স্ত্রী হাসিনা ইয়াছমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একদিকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ, অন্যদিকে সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় বিপুল সম্পদের হিসাব নিয়ে দুদকের মামলা।

দুদকের মামলার পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে এরাদুল হক ভুট্টোর কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ ২৭ মাস ধরে কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকলেও তিনি সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন।

অভিযোগ রয়েছে, নিবন্ধন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে একটি প্রভাববলয় গড়ে তুলেছিলেন ভুট্টো। সেই বলয়ের কারণে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগও কার্যকর হয়নি বলে দাবি করেছেন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসের প্রশাসনিক কার্যক্রম ঘিরেও রয়েছে নানা অভিযোগ। অফিস সূত্রের দাবি, সাবেক জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান দায়িত্বে থাকাকালে এরাদুল হক ভুট্টোর সঙ্গে লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, ভুট্টোর প্রভাব কাজে লাগিয়ে বদলি, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হতো। বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার পেছনেও এই প্রভাববলয় কাজ করেছে বলে তাঁদের দাবি।

তাঁদের আরও অভিযোগ, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জেলায় নিয়মিত জেলা রেজিস্ট্রার নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও একটি কথিত সিন্ডিকেটের প্রভাব রয়েছে। রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে এই বলয় নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ওই বলয়ের বাইরে গিয়ে কেউ অনিয়মের প্রতিবাদ করলে তাঁকে নানা কৌশলে হয়রানি করা হয়। কখনো দুর্গম এলাকায় বদলি, কখনো প্রশাসনিকভাবে কোণঠাসা করে রাখার অভিযোগও রয়েছে। নিজেদের সৎ ও দক্ষ দাবি করা কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে নানা কারণে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দূরে রাখার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রি অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ ও বৈঠকের অভিযোগও তুলেছেন সংশ্লিষ্ট কয়েকজন।

তাঁদের দাবি, এসব যোগাযোগের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

ভুট্টো দম্পতির বিরুদ্ধে দুদকের দুই মামলা

কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগের মধ্যেই এরাদুল হক ভুট্টো ও তাঁর স্ত্রী হাসিনা ইয়াছমিনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক।

দুদকের অভিযোগ অনুযায়ী, ভুট্টোর বিরুদ্ধে ২ কোটি ৯০ লাখ ২২ হাজার ৭৬৬ টাকা এবং তাঁর স্ত্রী হাসিনা ইয়াছমিনের বিরুদ্ধে ১ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক অ্যাপেল মাহমুদ বিপ্লব বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন। তিনি জানান, কমিশনের নির্দেশে মামলা দুটি করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এরাদুল হক ভুট্টো বর্তমানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর সাব-রেজিস্ট্রার অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত। এর আগে তিনি চট্টগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে টিসি মোহরার হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় ২০২৩ সালের জুলাই মাসে তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।

দুদকের একটি মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ আগস্ট কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে এরাদুল হক ভুট্টো ১ কোটি ২৮ লাখ ৪৪ হাজার টাকার স্থাবর সম্পদের তথ্য দেন। কিন্তু অনুসন্ধানে তাঁর নামে ১ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৫৫০ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

একইভাবে অস্থাবর সম্পদের বিবরণীতে তিনি ১ কোটি ১৩ লাখ ৬৬ হাজার টাকার সম্পদ দেখালেও অনুসন্ধানে পাওয়া যায় ১ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৪৬১ টাকার সম্পদ। সম্পদ বিবরণীতে দেওয়া তথ্যের সঙ্গে অনুসন্ধানে পাওয়া তথ্যের এই পার্থক্যকে সম্পদের তথ্য গোপনের অভিযোগের ভিত্তি হিসেবে উল্লেখ করেছে দুদক।

এজাহার অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ করবর্ষ পর্যন্ত পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তাঁর সম্পদ ও ব্যয়ের পরিমাণের বিপরীতে গ্রহণযোগ্য আয়ের সঙ্গে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। দুদকের অভিযোগ, তাঁর নামে ২ কোটি ৯০ লাখ ২২ হাজার ৭৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

স্ত্রীর নামেও সম্পদের হিসাব নিয়ে প্রশ্ন

ভুট্টোর স্ত্রী হাসিনা ইয়াছমিনের বিরুদ্ধেও সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুদক।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ৬৫ লাখ ৭৪ হাজার টাকার স্থাবর সম্পদের তথ্য দেন। কিন্তু অনুসন্ধানে তাঁর নামে ৭৯ লাখ ১৪ হাজার টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

অস্থাবর সম্পদের বিবরণীতে তিনি ৭৩ লাখ ৭১ হাজার ৪১৫ টাকার সম্পদ দেখালেও অনুসন্ধানে পাওয়া যায় ৭৫ লাখ ২৪ হাজার ২২ টাকার সম্পদ।

দুদকের হিসাব অনুযায়ী, পারিবারিক ও অন্যান্য ব্যয়সহ তাঁর মোট সম্পদ ও ব্যয়ের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৫৫ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকা। ফলে তাঁর নামে ১ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৯৭ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে অভিযোগ করা হয়েছে।

দুদকের এজাহারে আরও বলা হয়েছে, স্ত্রীর নামে সম্পদ অর্জনের ক্ষেত্রেও স্বামী এরাদুল হক ভুট্টোর সংশ্লিষ্টতা রয়েছে। সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে অর্জিত অর্থের উৎস বৈধ করার উদ্দেশ্যে পারস্পরিক যোগসাজশে স্ত্রীকে সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ১০৯ ধারার অপরাধের কথাও উল্লেখ করেছে দুদক।

ভুট্টোর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আধুনগর সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে চট্টগ্রামের সাবেক জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান গণমাধ্যমকে বলেন, ভুট্টো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, বিষয়টি আমি আগে জানতাম না। জানার পর তাঁকে আর কোনো সহযোগিতা করিনি। তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়ে এসেছিলাম। কর্তৃপক্ষ কেন বা কী কারণে ব্যবস্থা নেয়নি, তা আমি বলতে পারব না।