চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা মুরাদপুরের ফরেস্ট গেইটে বুধবার বিকেলে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। দিবালোকে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম মো. আজাদ (২৫)। তিনি নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার বিকেল পৌনে ৪টার দিকে আজাদ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগীরা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কে বা কারা, কী কারণে এই হামলা চালিয়েছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুর এলাকার ফরেস্ট গেইটে গুলির একটি ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত ও অনুসন্ধান শুরু করেছে।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আজাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, বিকেল সোয়া ৪টার দিকে তারা ঘটনাটির খবর পান। ধারণা করা হচ্ছে, এর কিছুক্ষণ আগেই গুলির ঘটনা ঘটে।
বর্তমানে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি বলেন, ঘটনার কারণ, হামলাকারীদের পরিচয় এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

