back to top

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আর জুলাইয়ের অঙ্গীকারে সাংবাদিকদের নতুন পথচলা

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ০২:৩৬

দেশে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় জোরদারে একটি ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা।

তাঁদের মতে, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমকে শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।

শুক্রবার (৩ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। এতে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

জাতীয় প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনক হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসীন এবং সদস্য শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন।

যৌথ সভায় বক্তারা বলেন, গত ১৫ বছরে দেশের গণমাধ্যম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তাঁদের ভাষ্য, সবাই একসঙ্গে কাজ করতে পারলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বর্তমানে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তার অনেকটাই ব্যক্তিগত প্রচেষ্টার ওপর নির্ভরশীল বলেও তাঁরা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, ‘জুলাই হয়েছে বলেই আজ আমরা ঐক্যবদ্ধভাবে যৌথ সভা করতে পারছি। তাই জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা চলবে না।’

একই সঙ্গে তাঁরা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করে পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের উপদেষ্টা এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর এবং কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।