back to top

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের জরিমানা, জব্দ বিপুল পলিথিন

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬ ১৪:০৬

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জেল রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিক্রি ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৬৫ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও মো. আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জেল রোডের ‘খাজা পলি মার্ট’‘বাগদাদ পলি স্টোর’-এ নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি, বিক্রয়ের জন্য প্রদর্শন এবং মজুদের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে দুটি পৃথক মামলায় প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন পরিদর্শক রুম্পা শিকদার।

পরিবেশ অধিদপ্তর বলেছে, একবার ব্যবহারযোগ্য নিষিদ্ধ পলিথিন পরিবেশ, জলাবদ্ধতা ও জনস্বাস্থ্যের জন্য দীর্ঘদিন ধরেই বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।