অশান্ত বিশ্বে শান্তি ও সুখ কামনায় চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণিল ফানুস উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) উপজেলার আধুনগরে মছদিয়া জ্ঞান বিকাশ বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আয়োজনের পর রাতে আকাশে ওড়ানো হয় বিভিন্ন আকৃতির ফানুস। একই দিন রাতে বিহার প্রাঙ্গণে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, লোহাগাড়ায় সম্প্রীতি ও সাম্যের একটা উপজেলা। এই উপজেলায় সব ধর্মের মানুষের জন্য নিরাপদ লোহাগাড়া হিসেবে গড়ে তুলতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার নুর উদ্দিন, শিক্ষাবিদ গোপাল কান্তি বড়ুয়া, মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের বৌদ্ধ ভিক্ষুসহ ব্যবসায়ী পিপলু বড়ুয়া ও অন্যন্যারা উপস্থিত ছিলেন।
