কুমিরা বাইপাসে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল ইমনের

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৫:১৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাইপাসের রয়েল গেট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।

প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশে বের হলেও আর ঘরে ফেরা হলো না মো. ইমনের (২০)। অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইমন ফিরোজপুরের মঠবাড়িয়া এলাকার বাসিন্দা মো. সালামের ছেলে। তিনি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় জাহাজ ভাঙা শিল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, সকালে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি ইমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এসআই মিল্টন মণ্ডল আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তবে দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের ভাষ্য, কুমিরা বাইপাস সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।