লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনের, রোগীদের মাঝে ফল বিতরণ

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১১:৫৮

রায়হান সিকদার, লোহাগাড়া :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য লায়ন নাজমুল মোস্তফা আমিন।

১৭ আগস্ট (সোমবার) দুপুর ২টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি হাসপাতালের বিভিন্ন সাধারণ ও জরুরি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের হাতে মৌসুমী ফল তুলে দেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এর আগে দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নাজমুল মোস্তফা আমিন। সভায় তিনি হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত সীমাবদ্ধতা, লজিস্টিক সংকট ও মানসম্মত সেবা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ইমরান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুসরাত জাহান, ডা. কানিজ নাসিমা, ডা. ইশতিয়াক খালেদ, ডা. আরজু আক্তার, ডা. রিমলি দে, ডা. রুনা আক্তার, ডা. শাখাওয়াত হোসেন তামিম, ডা. ইমরান হোসাইন ও ডা. আদনান সাঈদী।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম লিটন, উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দীন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম, রিয়াদ এবং ছাত্রদল নেতা মো. কায়েস উদ্দীনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসাসেবা সংক্রান্ত বিস্তারিত পর্যালোচনা শেষে নাজমুল মোস্তফা আমিন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার ও মানোন্নয়নে নিজের অবস্থান থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।