লোহাগাড়ায় আইসক্রীম ফ্যাক্টরীতে ইউএনওর অভিযান, মালিককে ১৫হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০

রায়হান সিকদার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম উৎপাদন ও বাজারজাত করার দায়ে এক আইসক্রীমের ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিককে ১৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।১২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় ৭টার দিকে উপজেলার আধুনগর বাজারে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামক আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ- বিন-আখন্দ।

অভিযানকালে লোহাগাড়া থানার এএসআই মাহবুব সরওয়ারসহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ- বিন-আখন্দ বলেন, দীর্ঘ দিন ধরে লোহাগাড়া উপজেলার আধুনগরে মেসার্স মা এন্টারপ্রাইজ নামক আইসক্রীম ফ্যাক্টরী থেকে বিভিন্ন দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত আইসক্রিম গুলো বিক্রি করে আসছিল। জেলার এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করায় কারখানার মালিক মোঃ আব্দুল মান্নান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এসময় উক্ত আইসক্রিম কারখানাটি বন্ধ করে দেওয়া হয় ও তৈরিকৃত আইসক্রিম ধ্বংস করে হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।