ধানক্ষেত পাহারায় গিয়ে নিখোঁজ, সকালে মিলল নেজাম উদ্দিনের মরদেহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ ১৮:২২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যহাতির উপদ্রব থেকে পাকা ধান রক্ষা করতে রাতে খেতে পাহারা দিতে গিয়েছিলেন কৃষক নেজাম উদ্দিন (৫০)। কিন্তু সকালে বাড়ি ফেরা হয়নি তাঁর।

পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে সড়কের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর দুই হাতই কনুই থেকে বিচ্ছিন্ন ছিল।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল কালিছড়ি সেতুর কাছে মাতব্বর বাড়ির পাশের সড়ক থেকে নেজাম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নেজাম উদ্দিন মীরেরখীল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে। দিনমজুরের কাজের পাশাপাশি তিনি চাষাবাদ ও গাছ কাটার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বন্যহাতির উপদ্রব থেকে পাকা ধান রক্ষা করতে নিজের ক্ষেত পাহারা দিতে যান নেজাম উদ্দিন।

সকালে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে বের হন।

একপর্যায়ে মীরেরখীল কালিছড়ি সেতুর কাছে মাতব্বর বাড়ির পাশে সড়কের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এবং কী কারণে নেজাম উদ্দিনকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প ও ডিবি) এবং রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।