রাতের আঁধারে দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু সকাল হতেই বদলে গেল দৃশ্যপট।
বাজারে এসে নিজেদের দোকানের জায়গায় আর কোনো দোকানই দেখতে পাননি তারা। অভিযোগ উঠেছে, গভীর রাতে তিনটি দোকান মালামালসহ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিন ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শনিবার গভীর রাতে লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ী হলেন-কালামের মোবাইলের দোকান, জাহাঙ্গীরের চায়ের দোকান ও ওসমানের পানের দোকান।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকানের কার্যক্রম শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। সকালে দোকানে এসে দেখেন, সেখানে তার দোকানটির কোনো অস্তিত্বই নেই।
দোকানের টিন ও কাঠামোর পাশাপাশি ভেতরে থাকা চা-পাতা, বিস্কুট, পানীয়সহ বিভিন্ন মালামালও নিয়ে গেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ করেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, এক রাতেই তার দীর্ঘদিনের ব্যবসা শেষ হয়ে গেছে। একইভাবে তার পাশের কালামের মোবাইলের দোকান ও ওসমানের পানের দোকানও মালামালসহ তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় তিন ব্যবসায়ীর মোট প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।
এদিকে দোকানের মালিক মোহাম্মদ মহসিন বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে পৈত্রিক জায়গায় দোকান করে ভাড়া দিয়ে আসছেন তিনি। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তের দল তিনটি দোকানই তুলে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয় নিলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে তিনি তাদের আশ্বস্ত করেন।
অন্যদিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। লিখিত অভিযোগের পর বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
