চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হলেও বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১১৭০) খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ব্যক্তিদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে রেকার ও ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সড়কে সামান্য বাঁক থাকায় ভোররাতে দ্রুতগতিতে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
এ পরিস্থিতিতে তাঁরা যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, বাস দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
