চুনতি চাম্বী খাল সমবায় সমিতিতে ৫সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন

রায়হান সিকদার, লোহাগাড়াঃ প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৬ ০১:০৬

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি চাম্বীখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড পরিচালনায় পাঁচ সদস্যের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়।

নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনকে।

কমিটির সদস্যরা হলেন যথাক্রমে উপজেলা সমবায় অফিসার আবু মুহাম্মদ হাবিব উল্লাহ,সমিতির সদস্য আনোয়ার হোসেন, হামিদ হোসেন ও নুরুল ইসলাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা সমবায় অফিসার সিফাত উল্লাহ তাসনিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি নিয়োগ দেওয়া হয়।

আদেশ সূত্রে জানা যায়, নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যে পরবর্তী কমিটির নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় সমিতির স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও নতুন কমিটির নির্বাচন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা সমবায় অফিসারের সুপারিশের ভিত্তিতে সমবায় সমিতি আইন, ২০০১-এর ১৮(৪) ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা ও সমিতির সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত কমিটির মেয়াদ হবে ১২০ দিন। এ সময়ের মধ্যে প্রচলিত আইন, বিধিমালা ও সমিতির উপ-আইন অনুসরণ করে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে। পরে নির্বাচিত কমিটির কাছে সমিতির দায়িত্বভার হস্তান্তর করবেন অন্তর্বর্তী কমিটির সদস্যরা।