চট্টগ্রামের লোহাগাড়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন চেনু আরা বেগম। স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা সুস্থ রয়েছেন। এ ঘটনায় এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ বটতলী লোহাগাড়া সিটি হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন চেনু আরা বেগম। তাঁর স্বামী মো. পারভেজ বান্দরবানের লামা উপজেলার কেয়াজুর পাড়ার বাসিন্দা।
লোহাগাড়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাস্টার আব্দুস সালাম জানান, প্রসবের জন্য চেনু আরা বেগমকে হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী মো. পারভেজ। পরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়। প্রসবের পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।
আরও পড়ুন
প্রসব পরিচালনা করেন হাসপাতালের শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ নাসিমা আক্তার। তিনি জানান, স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন শিশুর জন্ম হয়েছে। বর্তমানে মা ও নবজাতকেরা সুস্থ আছে।
একসঙ্গে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়। নবজাতকদের একনজর দেখতে হাসপাতালেও ভিড় করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। স্থানীয় বাসিন্দারাও মা ও তিন নবজাতকের সুস্থতা কামনা করছেন।
একসঙ্গে তিন নতুন অতিথির আগমনে পরিবারটির আনন্দের পাশাপাশি এলাকায়ও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
