হালিশহরে পুলিশের পিকআপ চুরি করে নির্বিঘ্নে উধাও, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ১৯:২৫

চট্টগ্রাম নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নকল চাবি দিয়ে গাড়িটি চালু করে নিয়ে যান এক ব্যক্তি। ঘটনার পর পিকআপটি উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার পেট্রোল মোবাইল টিমের কয়েকজন সদস্য দুপুরে পিকআপটি জেলা পুলিশ লাইনের সামনে সড়কের পাশে রেখে পাশের একটি ক্যান্টিনে নাশতা করতে যান।

পরে বিকেল পৌনে তিনটার দিকে ফিরে এসে তাঁরা গাড়িটি আর নির্ধারিত স্থানে দেখতে পাননি।

এরপর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন পুলিশ সদস্যরা।

ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপটির কাছে এসে নকল চাবি দিয়ে গাড়িটি চালু করেন। এরপর সেটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

তিনি বলেন, হালিশহর থানার মোবাইল পেট্রোল টিমের সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে পাশের একটি ক্যান্টিনে নাশতা করতে গিয়েছিলেন। এ সময় নকল চাবি ব্যবহার করে এক ব্যক্তি পিকআপটি নিয়ে যান।

আমিনুর রশিদ আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করার পাশাপাশি পিকআপটি উদ্ধারের চেষ্টা চলছে।

দিনদুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের ব্যবহৃত গাড়ি চুরির এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চুরি যাওয়া পিকআপটির সন্ধানে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।