টাকার জাদুতে’ এসপিএলের রিফাইনারি বৈধ করার তোড়জোড়!

মন্ত্রণালয়ের লাল কার্ড গায়েব-তদন্ত কমিটির রুদ্ধদ্বার তৎপরতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬ ২৩:৫৮

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সুস্পষ্ট নির্দেশনায় সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডের (এসপিএল) রিফাইনারি স্থাপনের আবেদন আগেই চূড়ান্তভাবে বাতিল করা হয়েছিল।

কিন্তু অভিযোগ উঠেছে, মন্ত্রণালয়ের সেই নাকচ আদেশের মূল চিঠিটিই এখন ফাইল থেকে গায়েব করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) শীর্ষ কর্মকর্তা ও সদ্য গঠিত তদন্ত কমিটির সঙ্গে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে এই অবৈধ রিফাইনারিকে তড়িঘড়ি করে বৈধতা দেওয়ার নজিরবিহীন তোড়জোড় শুরু হয়েছে।

অনুসন্ধানে এসপিএলের আবেদন নাকচের অকাট্য তথ্য ও প্রমাণ উঠে এসেছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা ওই চিঠির স্মারক নম্বর-২৮.০০.০০০০.০২৬.৯৯.০০৬৫.২০.৪৪৯, তারিখ ১৬ নভেম্বর ২০২৫।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত ওই চিঠিতে এসপিএলের ব্যবস্থাপনা পরিচালককে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, প্রক্রিয়াকরণ ও বিপণনের ক্ষেত্রে তাদের আবেদন বিবেচনার কোনো সুযোগ নেই।

চিঠির ২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়, ‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর আওতায় বিভাগ থেকে কোনো প্রকার চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়নি বিধায় সূত্রস্থ আবেদনটি বিবেচনা করার সুযোগ নেই।

মন্ত্রণালয়ের এমন কড়া ও চূড়ান্ত সিদ্ধান্ত থাকার পরও বিপিসির বর্তমান তদন্ত কমিটি এসপিএলকে অনুমতি দিতে অনৈতিক সুবিধার কাছে আপস করেছে বলে খাতসংশ্লিষ্টরা অভিযোগ তুলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে গঠিত দুটি তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে এসপিএলের কার্যক্রমে পদে পদে জালিয়াতি ও অসংগতির প্রমাণ পেয়েছিল।

দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে ওই কমিটিগুলো প্রতিষ্ঠানটিকে কোনোভাবেই অনুমতি না দেওয়ার পক্ষে জোরালো সুপারিশ করেছিল।

কিন্তু সেই জালিয়াতির প্রমাণ ও প্রতিবেদনগুলো ধামাচাপা দিয়ে গত ১০ নভেম্বর ৭ সদস্যের নতুন এই তদন্ত কমিটি গঠন করা হয়।

বিপিসির অভ্যন্তরীণ একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়ার এই ‘মিশন’ সফল করতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।

বিপুল অঙ্কের এই অর্থের জোরেই মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিষেধাজ্ঞার স্মারকযুক্ত চিঠিটি ফাইল থেকে গায়েব করে নতুন করে বৈধতার নাটক সাজানো হচ্ছে।

রাতের আঁধারে রুদ্ধদ্বার বৈঠক
সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারির বিশাল কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া এবং বিপিসির পূর্বানুমতি ছাড়াই শত শত কোটি টাকার মূলধনী যন্ত্রপাতি আমদানির মতো গুরুতর অপরাধগুলো অর্থের বিনিময়ে এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কমিটির বিরুদ্ধে।

গত রোববার রাত ৩টা এবং সোমবার রাত ১১টা পর্যন্ত বিপিসির মতো একটি সরকারি দপ্তরে তদন্ত কমিটির এই অস্বাভাবিক ও দীর্ঘ অবস্থান ঘুষ লেনদেনের সন্দেহকে আরও ঘনীভূত করেছে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, যেখানে পূর্বের কমিটিগুলো এসপিএলের নানা জালিয়াতি ও অনিয়ম ধরেছে, সেখানে রাতের আঁধারে নতুন এই কমিটির ইতিবাচক প্রতিবেদন তৈরির চেষ্টা অত্যন্ত সন্দেহজনক। সূত্র-বিপি

মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে একটি অবৈধ রিফাইনারিকে বৈধতা দেওয়া হলে তা দেশের জ্বালানি খাতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।

অবিলম্বে সরকারের উচ্চ মহল থেকে রাতের আঁধারের এই তৎপরতা এবং আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।