চরম ভোগান্তিতে নারী, বয়োবৃদ্ধ ও কর্মজীবী মানুষ ৪১টি ওয়ার্ডে অপ্রতুল পাবলিক টয়লেট, ২ লক্ষাধিক মানুষের জন্য ১টি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ০০:২৪

মহানগরীর ৪১টি ওয়ার্ডে চলাচলরত মানুষের জন্য রয়েছে মাত্র ৩২টি পাবলিক টয়লেট (গণশৌচাগার)। যা প্রয়োজনের তুলনায় একেবারে কম। ৭০ লাখ মানুষের বসবাসরত এই মহানগরে গড়ে প্রায় ২ লাখ ১৮ হাজার মানুষের জন্য ১টি পাবলিক টয়লেট রয়েছে। জনসংখ্যার এই বিশাল চাপের বিপরীতে অপ্রতুল সংখ্যক পাবলিক টয়লেট এবং বিদ্যমান টয়লেটগুলোর বেহাল দশার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী, বিশেষ করে নারী, শিশু, বয়োবৃদ্ধ ও কর্মজীবী মানুষ। যদিও চাহিদা অনুযায়ী মহানগরের ৪১টি ওয়ার্ডে অন্তত ৩৮০টি গণশৌচাগার প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্রমতে, মহানগরের ৪১টি ওয়ার্ডে প্রতিদিন স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজে আরও কয়েক লাখ মানুষ আসা-যাওয়া করেন। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে অন্তত দুটি করে গণশৌচাগার থাকলেও সংখ্যাটি ৮২টি হওয়ার কথা। কিন্তু বাস্তবে সচল রয়েছে মাত্র ৩২টি।
২০২২ সালের আদমশুমারি ও জরিপ অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় কর্মজীবী মানুষের সংখ্যা ১৭ লাখ ৫ হাজার ৭৪৭। নগরের ৪১টি ওয়ার্ডে বসবাসকারী মানুষের পাশাপাশি প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী ও পর্যটকসহ বিপুলসংখ্যক মানুষ নানা প্রয়োজনে যাতায়াত করেন।
২০২৪-২৫ অর্থবছরের চসিকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এই বিপুলসংখ্যক মানুষের জন্য নগরে গণশৌচাগার রয়েছে মাত্র ৩২টি। প্রয়োজনের তুলনায় সংখ্যাটি একেবারেই নগণ্য। ফলে যেগুলো আছে, অতিরিক্ত ব্যবহারে সেগুলোও অস্বাস্থ্যকর হয়ে পড়ছে।
এদিকে গণশৌচাগারের অপ্রতুলতা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন নারীরা। দীর্ঘ সময় বাইরে থাকার সময় শৌচাগার ব্যবহারের ভয়ে অনেক নারী পানি পান কমিয়ে দেন। নগরের চকবাজার এলাকার বাসিন্দা দেলোয়ারা বেগম বলেছেন, দীর্ঘ সময়ের জন্য বাইরে বের হলে পানি খাওয়া কমিয়ে দিই। পানি বেশি খেলে টয়লেটে যেতে হবে। বাইরের টয়লেটের দূরবস্থা দেখে যেতে অস্বস্তি লাগে।
বহদ্দারহাট, অলংকার মোড়, দেওয়ানহাট, নিউমার্কেট, চকবাজার ও বিআরটিসি বাসস্টেশনসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোর গণশৌচাগার ঘুরে দেখা গেছে, চরম অব্যবস্থাপনার চিত্র, অস্বাস্থ্যকর পরিবেশ। অধিকাংশ টয়লেটে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। তীব্র দুর্গন্ধের কারণে অনেক শৌচাগারের পাশ দিয়ে হাঁটাও দায় হয়ে পড়ে। বেশ কিছু টয়লেটের দরজা ভাঙা, ছিটকিনি বা হুক নষ্ট। অধিকাংশ শৌচাগারে হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা নেই। তাছাড়া অনেক স্থানে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা বা নিরাপদ পরিবেশ না থাকায় নারীরা এগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অনেক জায়গায় পানির কল অকেজো থাকায় ব্যবহারকারীদের বিপাকে পড়তে হয়। বিশেষ করে মহানগরের নিউমার্কেট প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখর থাকে। এই পথে নিয়মিত যাতায়াত করেন আমিনা খাতুন। একটি গণশৌচাগার থাকলেও সেটি কখনো ব্যবহার করেন না তিনি। তিনি বললেন, দেখে নিরাপদ মনে হয় না। শুধু নিউমার্কেট নয়, পুরো চট্টগ্রাম নগরের চিত্র এমনই।
এছাড়া নগরের রেলস্টেশন রোডের গণশৌচাগারটিতে গিয়ে অব্যবস্থাপনার নানা চিত্র চোখে পড়ে। প্রবেশপথের সামনের ফুটপাতে রয়েছে ভাসমান দোকান। সেগুলো পেরিয়ে শৌচাগারে ঢুকতে হয়। ঢোকার মুখের আশপাশে পুরুষদের জটলা দেখা যায়। ফলে নারী ব্যবহারকারীদের জন্য জায়গাটি স্বস্তিদায়ক নয়। চসিকের ৩২ শৌচাগারের সব কটিতে নারীদের জন্য আলাদা ও নিরাপদ ব্যবস্থা, পর্যাপ্ত আলো এবং পরিচ্ছন্ন পরিবেশ নেই। এসব শৌচাগারে সেবার মান অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।
নগর পরিকল্পনাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে, গণশৌচাগার কোনো বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার ও জনস্বাস্থ্যের অপরিহার্য অংশ। সম্প্রতি প্রণীত ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা’র আলোকে চট্টগ্রাম নগরীতে জরুরি ভিত্তিতে নতুন ও আধুনিক গণশৌচাগার নির্মাণ করা প্রয়োজন। এ সংকট নিরসনে নগরীর ব্যস্ততম মোড়, কাঁচাবাজার, বাস টার্মিনাল ও বপণিবিতানগুলোতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পর্যাপ্ত আধুনিক গণশৌচাগার স্থাপন, প্রতিবন্ধী ও নারীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা এবং নিয়মিত তদারকির মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।
ব্রিটিশ টয়লেট অ্যাসোসিয়েশন (বিটিএ) এবং ন্যাশনাল বিল্ডিং কোডের (এনবিসি) গাইডলাইন অনুযায়ী, জনসমাগম স্থানে প্রতি এক হাজার পথচারীর জন্য অন্তত একটি গণশৌচাগার থাকা প্রয়োজন।
গণশৌচাগার সংকটের বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নিরাপদ ও পরিচ্ছন্ন পাবলিক টয়লেটের অভাব রয়েছে। এতে নারীদের দৈনন্দিন ভোগান্তি বাড়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। কর্মজীবী নারী ও ছাত্রীদের সুস্বাস্থ্য রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ও নারীবান্ধব শৌচাগার নির্মাণ অপরিহার্য। সিটি করপোরেশন এই সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।