সংগ্রাম, নির্বাসন পেরিয়ে রাষ্ট্রক্ষমতায়, ৬২ বছরে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৩:৪৪

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, কারাবরণ, নির্বাসিত জীবন এবং দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ডা. জুবাইদা রহমানের স্বামী। তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সে সময় ইংরেজি মাধ্যমের এ শিক্ষাপ্রতিষ্ঠানে মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে পড়াশোনা করেন তিনি। শিক্ষাজীবনের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণ-আন্দোলনের পরিবেশ তাঁকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।

তারেক রহমানের আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। পৈতৃক নিবাস বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে যুক্ত হন তিনি। এর ধারাবাহিকতায় ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন।

এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন তারেক রহমান।

ওই নির্বাচনে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয় করেন তিনি।

পাঁচটি আসনেই বিএনপির বিজয় তাঁর সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক সক্রিয়তার পরিচয় তুলে ধরে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় সেনাসমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

এ সময় তিনি কারাবরণ করেন এবং নির্যাতনের শিকার হন বলে দলীয় ও সংবাদ সূত্রে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। এরপর দীর্ঘ সময় সেখানেই অবস্থান করেন।

প্রায় ১৭ বছরের প্রবাসজীবনে দূর থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন তারেক রহমান। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর দেশে ফেরার পথ তৈরি হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

দীর্ঘ সময় পর তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত তাঁকে স্বাগত জানাতে জড়ো হন বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দেশে ফেরার পর নির্বাচনী রাজনীতিতে সরাসরি অংশ নেন তারেক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন তিনি।

ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করলে তার নেতৃত্বে সরকার গঠিত হয়। পরে ১৭ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে।

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও উত্তর বারিধারা এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন বলে জানা গেছে।