রামুতে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ: নিভে গেল একই পরিবারের চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ২০:১৯

কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের শিশুকন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় কাসফিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, দক্ষিণ মিঠাছড়ির কাটিরমাথা রেলক্রসিংয়ে দুর্ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও শিশুসহ দুজন ঘটনাস্থলে মারা যান।

অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়। আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।

জয়নাল আবেদীন আরও বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের বাড়ি রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় বলে জানা গেছে।