চট্টগ্রামের বোয়ালখালীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর আবুল কালাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রায়খালী খালের মোহনা থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার বাসিন্দা এবং আবদুল মাজেদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে ঘর থেকে বের হন আবুল কালাম।
গন্তব্য ছিল রায়খালী খালের ঘাটকূল এলাকা। তবে রাত পেরিয়ে সকাল হলেও তিনি বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার।
আবুল কালামের ভাই জিসান জানান, সকালে তার কোনো খোঁজ না পেয়ে স্বজনরা খাল ও নদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমেও তাকে খুঁজে বের করার চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘ সময় পরও কোনো সন্ধান না মেলায় উৎকণ্ঠা আরও বাড়তে থাকে।
অবশেষে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনা এলাকায় আবুল কালামের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জিসান আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। দোকান পরিচালনার পাশাপাশি তিনি নিয়মিত খাল থেকে মাছ ধরতেন।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়।
অভিযানের একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে আবুল কালামের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
যে মানুষটি জীবিকার তাগিদে গভীর রাতে মাছ ধরতে বেরিয়েছিলেন, তিনি আর জীবিত ফিরে আসেননি। রেখে গেছেন স্বজনদের কান্না আর অসংখ্য প্রশ্ন।

