back to top

শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক মানে নিতে সরকারের নতুন তৎপরতা

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬ ০৯:১৪

সীতাকুণ্ডের শিপ রিসাইক্লিং শিল্পকে ঘিরে সরকারের নতুন বার্তা স্পষ্ট-এই খাতের হারানো গৌরব ফিরিয়ে আনতে চায় সরকার।

একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের প্রশাসনিক বা আইন-শৃঙ্খলাজনিত প্রতিবন্ধকতার মুখে না পড়েন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সোমবার সীতাকুণ্ড-এ পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, আরব শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং লিমিটেড এবং এস এন কর্পোরেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের শিপ রিসাইক্লিং শিল্পের পূর্বের গৌরব পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্পমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশের শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন।

এজন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

দেশের শিল্প-কারখানার জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকট নিরসনে সরকার একটি ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে।

তিনি বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা হওয়ায় রাতারাতি সমাধান সম্ভব নয়। তবে সংকট কাটিয়ে উঠতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।