জোরারগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবার চালান উদ্ধার, গ্রেপ্তার দুই

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৬:২৭

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৮০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঢাকাগামী বাসের জন্য অপেক্ষমাণ অবস্থায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা মো. সোহেল আকন (৩৮)কে আটক করা হয়। পরে তার কাছে থাকা ২ হাজার ৮০৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মো. সোহেল আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে করেরহাট বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।

অভিযানে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি কামাল উদ্দিন (৩২)কে গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের আমলীঘাট এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।