চোরাচালানের পথে শেষ পর্যন্ত পুলিশের অস্থায়ী চেকপোস্টেই থেমে গেল দুটি পিকআপভর্তি ভারতীয় গরুর চালান।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পুলিশ ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ জব্দ করেছে।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জের করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার এলাকার গামারী বাগানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, দুটি পিকআপে করে গরুগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ১৯টি ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন—মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর এলাকার আব্দুর রাজ্জাক (৬৫) ও নজরুল ইসলাম (২২), ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর এলাকার মো. আরিফ (২৭) এবং একই উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতেরো (চাঁদগাজী) এলাকার রাসেল ওরফে আলম (৩৫)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

