চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় চাপা পড়ে মো. রুবেল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটার কাজে গিয়েছিলেন রুবেল।
কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত একটি গাছ তাঁর ওপর পড়ে। এতে কোমর ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, মো. রুবেল নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে তাঁর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
