বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনেই প্রাণ গেল মাইশার, আহত দুই ছাত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১২:২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের ছাত্রী মাইশা মুশফিরাত (২১)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর আরও দুই সহপাঠী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা মুশফিরাত মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত মাইশাকে বেলা ১১টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ বিজ্ঞপ্তিতেও মাইশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় ইংরেজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী মাইশা মুশফিরাত গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও দুই ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মাইশার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

একই সঙ্গে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।