চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশে পুনাক ক্যান্টিনের সামনে থেকে হালিশহর থানা-পুলিশের একটি টহল দলের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নকল চাবি ব্যবহার করে এক ব্যক্তি গাড়িটি নিয়ে যান। পরে রাতে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানা-পুলিশের একটি টহল দল সড়কের পাশে পিকআপটি রেখে জেলা পুলিশ লাইন্সের পাশের পুনাক ক্যান্টিনে খেতে গিয়েছিল।
প্রায় ১০ মিনিট পর খাবার খেয়ে ফিরে এসে তাঁরা গাড়িটি আর সেখানে পাননি।
তিনি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে পিকআপটির দরজা খোলেন।
এরপর গাড়িতে উঠে সেটি চালিয়ে আগ্রাবাদের দিকে চলে যান।
ওই টহল দলে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুজন কনস্টেবল ও একজন চালক ছিলেন।
এদিকে চুরি হওয়া পিকআপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ।
তিনি জানান, হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের পিকআপটি কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকায় পাওয়া গেছে।
