চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন ও সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়ায় নজিরবিহীন অনিয়ম, সিন্ডিকেটের মাধ্যমে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া এবং কাজের গুণগত মান যাচাই না করেই বিল পরিশোধের গুরুতর অভিযোগ উঠেছে।
একই সঙ্গে তাঁর জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন, একাধিক বিলাসবহুল গাড়ি ব্যবহার এবং ব্যাংক হিসাব ও এফডিআরে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ তুলে অনুসন্ধানের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
অভিযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পাশাপাশি উপবিভাগীয় প্রকৌশলী রিয়াদুন উন নবী, সহকারী প্রকৌশলী ফরহান শাহরিয়ার এবং উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের নামও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
চমেক সংস্কারকাজ ঘিরে যত অনিয়ম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন স্থাপনার সংস্কার ও মেরামতকাজকে কেন্দ্র করে অনিয়মের বড় অভিযোগ সামনে এসেছে।
দরজা-জানালা মেরামত, বহিরাংশের প্লাস্টার, অভ্যন্তরীণ রং এবং সিভিল ও স্যানিটারি সংস্কারকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা।
দরপত্রে অংশ নেওয়া কয়েকটি প্রতিষ্ঠান প্রাক্কলিত ব্যয়ের চেয়ে কম দর প্রস্তাব করলেও, একটি প্রতিষ্ঠান উল্লেখযোগ্যভাবে বেশি দর দেওয়া সত্ত্বেও তাকেই কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে।
দরপত্রের শর্ত ও আর্থিক প্রস্তাব যথাযথভাবে মূল্যায়ন না করে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পাশাপাশি কাজের বাস্তব অগ্রগতি ও মান যাচাই ছাড়াই সরকারি অর্থ পরিশোধের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
সিন্ডিকেট ও ঠিকাদারের অভিযোগ
অভিযোগকারীদের মতে, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১-এর আওতাধীন বিভিন্ন সরকারি স্থাপনার উন্নয়ন ও সংস্কারকাজে একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরিবেশ বিনষ্ট করে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হয়।
মাদার বিল্ডার্সের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম রাজু অভিযোগ করেছেন, গণপূর্তের কাজে সব ঠিকাদারের প্রস্তাব সমানভাবে মূল্যায়ন করা হয় না। পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার এই প্রবণতা পুরো দরপত্র প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেন
তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনের আড়ালে বিপুল বিত্তবৈভব অর্জনের অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তাঁর নিজ নামে প্রায় এক কোটি ও ৯০ লাখ টাকা মূল্যের দুটি বিলাসবহুল গাড়ি রয়েছে, যা তিনি ও তাঁর পরিবার ব্যবহার করেন। সোনালী ব্যাংকে তাঁর নিজের নামে ১০টি এবং স্ত্রীর নামে ৬টি এফডিআর রয়েছে। ছেলে-মেয়ে ও নিকটাত্মীয়দের নামে ১৫টি সঞ্চয়পত্র থাকার কথা বলা হয়েছে।
পাশাপাশি জাকির হোসেন, তাঁর পরিবার এবং শ্বশুরবাড়ির নিকটাত্মীয়দের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব ও সম্পদের বৈধ উৎস নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
এছাড়া তাঁর সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভুয়া প্রকল্প তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অভিযোগের প্রকৃত চিত্র উদ্ঘাটনে কার্যাদেশ, দরপত্রের বিজ্ঞপ্তি, কারিগরি মূল্যায়ন প্রতিবেদন, চুক্তিপত্র, পরিমাপবই (মেজারমেন্ট বুক), বিল-ভাউচার এবং অর্থ ছাড়ের নথি যাচাইয়ের দাবি জানানো হয়েছে।
এর আগে দুদকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন অভিযোগকারীরা।
তদন্তের স্বার্থে প্রকৌশলী জাকির হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ এবং তাঁর ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
অন্যথায় সচেতন নাগরিক ও সম্মিলিত ঠিকাদারি সংগঠনের পক্ষ থেকে দুদকের কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। সূত্র-এসএস
