চট্টগ্রামে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৪:১৮

চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাড়িটির আশপাশে পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় ভবনটির নিচতলার একটি কক্ষে আগুন দেখতে পান টহলরত পুলিশ সদস্যরা। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি মোজাম্মেল হক আরও জানান, ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন ড. মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

ড. মুহাম্মদ ইউনূসের শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার এই বাড়িতে। তবে তাঁর মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে।

এর আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরপর এসব অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে পাঁচলাইশের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে আগের ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।