খাগড়াছড়ি-ঢাকা পথে অস্ত্রের চালান, মিরসরাইয়ে পুলিশের জালে দুই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬ ২১:৪১

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

আজ শনিবার (২১ নভেম্বর) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)। তল্লাশির সময় তাঁদের হেফাজত থেকে ৭.৬২ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দুজন ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাসে করে ঢাকার দিকে যাচ্ছেন।

এই তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল নয়টিলা মাজার এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে।

একপর্যায়ে সন্দেহভাজন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে ওই দুই যাত্রীর হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় এবং তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।