খাগরিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬ ২১:৫১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদখালী এলাকায় বাড়ি নির্মাণ করতে গিয়ে চাঁদা দাবির অভিযোগে বাধার মুখে পড়েছে একটি পরিবার।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সরকারি রাস্তার মাথায় ইট ও বালির স্তূপ করে চলাচলে বাধা সৃষ্টি এবং যানবাহন প্রবেশ নিষেধের সাইনবোর্ড টাঙানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেছেন ভুক্তভোগী গৃহবধূ জান্নাতুল ফেরদৌস।

গত ১৪ নভেম্বর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর তার স্বামী মোহাম্মদ ছৈয়দুল ইসলামের মৌরশি সূত্রে পাওয়া জায়গায় বাড়ি নির্মাণের জন্য নির্মাণসামগ্রী নিয়ে আসার সময় ইসমাইলের ছেলে ইমাম হোসেন রাফি (১৯), মৃত আব্দুস সাত্তারের ছেলে খোরশেদ আলম (৩৫), মৃত শামসুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪০), মৃত কালা মিয়ার ছেলে বেলাল (৪৮), মৃত আব্দুস সাত্তারের ছেলে মোরশেদ (৩৫), মৃত বদন আলীর ছেলে শরু মিয়া (৪৮) ও মৃত শামসুল ইসলামের ছেলে জাফর আহমদ (৪২)সহ সাতজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ অভিযোগের বিষয়ে খোরশেদ আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ নভেম্বর সরকারি রাস্তার মাথায় ইট ও বালির স্তূপ করে যানবাহন প্রবেশ নিষেধের সতর্কীকরণ সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এতে বাড়ি নির্মাণের মালামাল পরিবহনসহ স্বাভাবিক চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। প্রায় ১২ ফুট প্রশস্ত রাস্তা সংকুচিত হয়ে তিন ফুটে পরিণত হওয়ায় ১৫-২০টি পরিবার চলাচলে ভোগান্তিতে পড়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগকারী জান্নাতুল ফেরদৌস জানান, নির্মাণকাজে শ্রমিক ও মালামাল নিয়ে যাওয়ার সময় তাদের ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

এ ছাড়া ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এনে কাজ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জান্নাতুল ফেরদৌস বলেন, প্রায় চার বছর আগে তাদের পুরোনো বসতবাড়ি পরিত্যক্ত হয়ে গেলে তারা দোহাজারীতে ভাড়া বাসায় চলে যান। পরবর্তীতে কিছু টাকা সঞ্চয় করে স্থায়ীভাবে বসবাসের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নেন। তার স্বামীর বড় ভাই পটিয়া ভাড়া বাসায় থাকেন।

পুরোনো স্থাপনা ভেঙে নতুন বাড়ি নির্মাণ করতে গেলে স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করেন। পরে তারা খাসজমি বন্দোবস্তের মাধ্যমে জায়গাটি নিজেদের বলে দাবি করে নির্মাণকাজে বাধা দিচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, তাদের মোট নয় গণ্ডা জায়গার মধ্যে তিন গণ্ডায় বাড়ি নির্মাণ করা হচ্ছে এবং বাকি ছয় গণ্ডা জায়গা খালি রাখা হয়েছে। অথচ কোনো দলিলপত্র দেখানো ছাড়াই অন্য পক্ষ জায়গার মালিকানা দাবি করছে।

তাদের দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকা না দিলে বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না। কৌশলে রাস্তা দিয়ে নির্মাণসামগ্রী প্রবেশে বাধা দেওয়ায় কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, তাদের বাড়ির পাশ থেকে আসা এক গণ্ডা জায়গার ওপর নির্মিত রাস্তার মাথা বন্ধ করে দেওয়ায় বাড়িতে প্রবেশের পথও বাধাগ্রস্ত হচ্ছে।

অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পাঠোয়ারীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে অভিযোগকারীকে থানায় তার কার্যালয়ে দেখা করতে বললে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।