চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক পাহাড়ি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ঘটনাটি হত্যাকাণ্ড বলে দাবি করে খুনে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার রাতে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার কাশবন রেস্টুরেন্টের কর্মচারীদের বাসা থেকে উক্যসিং মারমা (২২) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
উক্যসিং মারমা রাঙামাটি জেলার রাজস্থলী থানার ঢলিয়াপাড়া গ্রামের মৃত অংথোয়াইচিং মারমার ছেলে। তিনি বহদ্দারহাটের কাশবন রেস্টুরেন্টে হোটেল বয় হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় একই রেস্টুরেন্টে কর্মরত থুইসানু মারমা নামের আরেক হোটেল বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার থুইসানু মারমা রাঙামাটি জেলার কাউখালী থানার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা।
শনিবার রাতে এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও পরে পুলিশের কাছে এটি হত্যাকাণ্ড বলে প্রতীয়মান হয়।
তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা তিন হাজার টাকা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
ওসি আরও বলেন, নিহত উক্যসিং মারমার কাছ থেকে টাকা পেতেন থুইসানু মারমা। এ নিয়ে গত পরশু তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জেরে শুক্রবার কোনো একসময় উক্যসিংকে বালিশ চাপা দিয়ে হত্যার পর তাঁর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার থুইসানু মারমা শনিবার আদালতে খুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

