back to top

ডাচ আক্রমণের সামনে অসহায় সুইডেন, ৫-১ গোলের বড় জয়

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০৭:৩৬

ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলা ডাচরা ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেনকে।

দলের হয়ে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো।

শনিবার (২০ জুন) হিউস্টনে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় নেদারল্যান্ডস। উচ্চ প্রেসিং, দ্রুতগতির আক্রমণ এবং বলের নিয়ন্ত্রণে সুইডেনকে চাপে রাখে তারা।

ম্যাচের মাত্র ৬ মিনিটে এগিয়ে যায় ডাচরা। তিজানি রেইন্ডার্সের তৈরি করা আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে বল জালে পাঠান ব্রায়ান ব্রবি। প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি নেদারল্যান্ডস।

ডান প্রান্ত দিয়ে ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেনের ধারাবাহিক আক্রমণে বারবার বিপাকে পড়ে সুইডিশ রক্ষণভাগ। এরই ধারাবাহিকতায় ১৭ মিনিটে আসে দ্বিতীয় গোল।

ডামফ্রিস ও মালেনের তৈরি সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রবি। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুইডেন। প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি ভালো সুযোগও তৈরি করে তারা। ৪৫ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

পরে ভিক্টর গিওকেরেসের শক্তিশালী ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক। ফলে ২-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ডাচরা। ম্যাচের ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সহায়তায় চমৎকার ফিনিশিংয়ে গোল করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো।

সাত মিনিট পর, ৫৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি।

এরপর ৫৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে এক গোল শোধ দেয় সুইডেন। বদলি হিসেবে নামা অ্যান্থনি এলাঙ্গা নেদারল্যান্ডসের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। তবে সেটিই ছিল সুইডিশদের একমাত্র সান্ত্বনা।

ম্যাচে ফেরার কোনো সুযোগ না দিয়ে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রাখে নেদারল্যান্ডস।

উল্টো নির্ধারিত সময়ের এক মিনিট আগে, ৮৯ মিনিটে ক্রিসেনসিও সামারভিল গোল করে সুইডেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। তার গোলে ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ডাচরা।

এই জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়ে নকআউট পর্বে ওঠার পথে শক্ত অবস্থান তৈরি করেছে তারা।