কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন।
নিহত বাংলাদেশিরা সবাই সিলেট জেলার বাসিন্দা। শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসীরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি ভারতের নাগরিক বলে জানা গেছে।
স্বজনদের মুখে হাসি ফোটাতে, পরিবারের স্বপ্ন পূরণ করতে বহু দূরে কাতারে পাড়ি জমিয়েছিলেন তারা।
প্রতিদিনের মতো শনিবার সকালেও কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন সবাই। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা।
জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে।
একই সঙ্গে সিলেটের কানাইঘাটের গাছবাড়ি গ্রামেও নেমে এসেছে গভীর শোক।
নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক বলেন, বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর কার্যক্রম চলছে।
একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিয়েছে ছয়টি প্রাণ। এর মধ্যে পাঁচজন ছিলেন বাংলাদেশের সন্তান।
জীবিকার সন্ধানে প্রবাসে যাওয়া এসব মানুষের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের পাশাপাশি শোকাহত পুরো প্রবাসী বাংলাদেশি সমাজ।

