back to top

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণ অটোরিকশাচালক আকাশের

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১০:১৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় মো. ইয়াসিন আরাফাত আকাশ (২০) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের কালা চাঁদের বাড়ির মোহাম্মদ ইব্রাহিম সোহেলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে অটোরিকশা নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেন দিয়ে যাচ্ছিলেন আকাশ।

এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ‘সিডিএম পরিবহন’-এর একটি বাস তাঁর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং আকাশ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা রাস্তা থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।