চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে ভূগর্ভস্থ গ্যাসলাইন থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে।
কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। রোববার (২৮ জুন) দুপুর ১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনও সতর্কতার সঙ্গে এলাকা অতিক্রম করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে দেখা যায়, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে।
পাইপলাইন ফেটে গ্যাস বের হতে থাকলে একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। আগুনের শিখা সড়কের নিচ থেকে বের হতে থাকায় আশপাশের মানুষ বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পাওয়ার পর তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়ার পর মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে ওঠে।
এদিকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কীভাবে পাইপলাইন ফেটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলে কোম্পানির কর্মীরা কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে গ্যাসলাইন ফেটে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

