বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
দিনভর ভোটগ্রহণ ও দীর্ঘ সময় ধরে ভোট গণনার পর শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব (২৬০ ভোট) এবং ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। একই পদে নূতন পেয়েছেন ২০৪ ভোট এবং রোজিনা ১৫২ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুব্রত। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সনি রহমান। একই পদে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। তার প্রতিদ্বন্দ্বী পপি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর পেয়েছেন ২২১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। একই পদে ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট এবং মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট।
কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। তার প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।
এবারের নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে বিএফডিসি ছিল সরগরম। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
একদিকে ছিল আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ।
নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি অনুষ্ঠান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে চলচ্চিত্রাঙ্গন।
শুক্রবার সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন।
কয়েক ঘণ্টার টানা গণনা শেষে শনিবার ভোরে ঘোষণা করা হয় বহুল প্রতীক্ষিত ফলাফল।
এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বের দায়িত্ব নিলেন শিবা শানু ও জয় চৌধুরী।
নতুন কমিটির কাছে শিল্পীদের অধিকার সুরক্ষা, কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

