back to top

ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর মিনহাজের অকালমৃত্যু

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ০৮:২৭

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেছে ডেকোরেশনের মালামালবাহী একটি ট্রলি।

এতে মিনহাজ (১৩) নামে এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে তার সহযোগী সাইম (১৪)।

শুক্রবার উপজেলার লেলাং ইউনিয়নের নয়াহাট বাজারসংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর মিনহাজ একটি ডেকোরেশনের মালামালবাহী ট্রলি চালিয়ে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিল।

পথে নয়াহাট বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রলির চালক মিনহাজ ও তার সহযোগী সাইম গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহত দুই কিশোরকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিনহাজকে মৃত ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া এই দুর্ঘটনা এলাকায় শোকের আবহ তৈরি করেছে।

একটি বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে শুরু হওয়া যাত্রা শেষ পর্যন্ত পরিণত হয়েছে এক কিশোরের জীবনের শেষ যাত্রায়।