চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি স্কুটির সামনের অংশে রাখা কাঁধের ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ইয়াবা পরিবহনের অভিযোগে মো. জিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত স্কুটিটিও জব্দ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে বাঁশখালী থানার সামনে দক্ষিণ জলদী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি স্কুটি থামিয়ে তল্লাশি চালান দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
এ সময় স্কুটির সামনের অংশে রাখা একটি কাঁধের ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই মো. জিয়াকে আটক করা হয়।
আটক মো. জিয়া কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, উদ্ধার হওয়া ৩০ হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত স্কুটিটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

