চাটগাঁর জলজট তাড়াতে এককাট্টা সব সেবা সংস্থা!

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ২১:৫৪

সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত করণীয় নির্ধারণে চারটি সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার দুপুরে দামপাড়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন রেস্ট হাউসে সিটি মেয়রের সঙ্গে চট্টগ্রামের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান এবং সাঈদ আল নোমানের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে মহানগরীতে সৃষ্ট জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত সড়ক, ড্রেনেজ ব্যবস্থার বিদ্যমান পরিস্থিতি এবং এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের নাগরিক সমস্যাগুলো কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়।

সমন্বিত উদ্যোগই এসব সমস্যার স্থায়ী সমাধানের একমাত্র পথ। সেই লক্ষ্যেই মহানগরীর চারটি সংসদীয় আসনকে কেন্দ্র করে পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে।

তিনি জানান, প্রতিটি কমিটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্ট সব সেবা সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।

মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করে সমস্যাগুলো দ্রুত চিহ্নিত এবং সমাধানের উদ্যোগ নেওয়াই হবে এসব কমিটির মূল লক্ষ্য।

সভায় সিদ্ধান্ত হয়, মহানগরীর চারটি সংসদীয় আসন-চট্টগ্রাম-৮ (বায়েজিদ-চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া-ডবলমুরিংয়ের অংশ), চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা-ইপিজেড)-এই চারটি আসনকে কেন্দ্র করেই পৃথক সমন্বয় কমিটি গঠন করা হবে।

কমিটিগুলো সংশ্লিষ্ট সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান এবং সাঈদ আল নোমানের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ এলাকার সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর পরিমাণ নির্ধারণ করবে।

পাশাপাশি জলাবদ্ধতাপ্রবণ এলাকা, খাল-নালা, ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে প্রয়োজনীয় করণীয় চিহ্নিত করে সুপারিশ করবে।

মেয়র বলেন, এসব কমিটি সরেজমিনে পরিস্থিতি মূল্যায়ন করবে। পরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন নগরবাসীর দুর্ভোগ কমবে, অন্যদিকে উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হবে।

সভায় উপস্থিত সংসদ সদস্যরাও নাগরিক সমস্যার দ্রুত সমাধানে আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্তকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সেলিম মোহাম্মদ জানে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় আন্তঃসংস্থা সমন্বয় আরও জোরদার করে নাগরিক সেবা কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, চারটি আসনভিত্তিক কমিটি সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করবে এবং সমস্যা সমাধানের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।