সীতাকুণ্ডে র‍্যাবের হানা: ধরা পড়ল রিফাত খুনের ৪ আসামি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৭:২৯

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন মামলার এজাহারভুক্ত আসামি। অপর একজনকে তদন্তে সম্পৃক্ততার ভিত্তিতে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) র‍্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. শামীম (৩৫), মো. সাজ্জাদ আলম শুভ (৩২), মারুফ (২৭) ও সুমন (৩০)।

তাদের মধ্যে শামীম, সাজ্জাদ আলম শুভ ও মারুফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সুমনকে তদন্তে সম্পৃক্ততার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, গত ২৩ জুন সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জেরে পাহাড়তলী থানার আব্দুপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি মো. রিফাতকে কৌশলে তাঁর বাসা থেকে ডেকে নেওয়া হয়।

পরে দক্ষিণ কাট্টলীর আব্দুল সুফী চৌধুরী গ্যারেজসংলগ্ন তিন রাস্তার মোড়ে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় মো. শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের বাম পায়ের হাঁটুর ওপরে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত রিফাতের ভাই বাদী হয়ে পাহাড়তলী থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) দুপুরে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. শামীম ও মো. সাজ্জাদ আলম শুভকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযানে নগরের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকা থেকে মারুফ এবং হালিশহরের মাইজপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার চার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।