মুজাফরাবাদে রথের চাকা ঘুরবে ভক্তির উচ্ছ্বাসে, ১৬ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ২০:৩৪

চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী মুজাফরাবাদ গ্রাম আবারও প্রস্তুত হচ্ছে ভক্তি, ঐতিহ্য ও মিলনমেলার এক অনন্য আয়োজনে।

সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠন ‘পল্লী উন্নয়ন সংস্থা’-র উদ্যোগে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হবে।

আয়োজনে থাকবে অধিবাস পূজা ও কীর্তন, গীতা পাঠ ও নামসংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং রথ র‍্যালি সহকারে গ্রাম পরিক্রমা।

আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এবারও বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে পুরো মুজাফরাবাদ গ্রাম।

উৎসবে আশীর্বাদক হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ লোকনাথধাম ও রামঠাকুর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাগিশীক চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বনগোপাল চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও মুজাফরাবাদ বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ড. তাপসী ঘোষ রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৭ নং খরনা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মফজল আহমেদ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি এবং সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সম্প্রীতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের এক অনন্য প্রতীক।

প্রতিবছরের মতো এবারও সকলের অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত ও সার্থক হয়ে উঠবে বলে তারা আশাবাদী।

আয়োজনকে সর্বাঙ্গীন সুন্দর, সুশৃঙ্খল ও সফল করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি, আন্তরিক সহযোগিতা ও সুহৃদয় সমর্থন কামনা করেছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন পরিষদ ২০২৬-এর সভাপতি নিউটন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুমন দেব।

উৎসব সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে গঠিত হয়েছে একটি শক্তিশালী উদযাপন পরিষদ।

রথযাত্রা উৎসব উদযাপন পরিষদ-২০২৬-এর দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি: রতন দত্ত ও সঞ্জয় বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন নন্দি ও রূপন ঘোষ, অর্থ সম্পাদক টিকলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জয় বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মিশন দত্ত সপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণয় বিশ্বাস বাপ্পা এবং কার্যকরী সদস্য যাদব বিশ্বাস, রোমেন শীল ও শয়ন বিশ্বাস।

ভক্তি, ঐতিহ্য ও সম্প্রীতির এই মহোৎসবে অংশ নিতে সকল ধর্মপ্রাণ মানুষকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।