সংবিধান সংস্কারের দায়িত্ব যাঁদের কাঁধে, প্রকাশ হলো ১২ সদস্যের কমিটি

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ১২:৪৮

বাংলাদেশের সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদ ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সংবিধান সংশোধন-সংক্রান্ত সুপারিশ ও পর্যালোচনার দায়িত্ব পালন করবে এই কমিটি।

সোমবার (১৩ জুলাই) রাতে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন ও অনুমোদন দেওয়া হয়।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে সংসদে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম।

জানা গেছে, বিশেষ কমিটিটি মূলত ১৭ সদস্যের হওয়ার কথা ছিল। এ জন্য পাঁচজন সদস্যের নাম দিতে বিরোধী দলকে অনুরোধ জানানো হয়েছিল।

তবে বিরোধী দল কোনো সদস্যের নাম না দেওয়ায় শেষ পর্যন্ত ১২ সদস্য নিয়েই কমিটি গঠন করা হয়।

বিশেষ কমিটির সদস্যরা হলেন-বিএনপির সংসদ চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।

সংবিধান সংশোধনকে ঘিরে সংসদের এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এখন বিশেষ কমিটির কার্যক্রম, সুপারিশ এবং পরবর্তী সংসদীয় প্রক্রিয়ার দিকেই থাকবে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের নজর।