আর্জেন্টিনার জার্সিতে ১৭ বছরের পথচলা শেষ ওতামেন্দির

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১০:২৬

বিশ্বকাপ ফাইনালে হারের সেই কষ্ট এখনো পুরোপুরি মুছে যায়নি নিকোলাস ওতামেন্দির মন থেকে।

শেষ ম্যাচে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে, আর সেই বেদনা নিয়েই শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে তাঁর ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়।

তবে ফুটবল থেমে নেই। অতীতের হতাশাকে পেছনে ফেলে নতুন অধ্যায়ের পথে হাঁটতে প্রস্তুত ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

ইতিমধ্যে রিভার প্লেটের হয়ে অনুশীলনও শুরু করেছেন ওতামেন্দি। আগামীকাল শনিবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবে তাঁর অভিষেক হওয়ার কথা।

তার ঠিক আগেই জাতীয় দলের হয়ে নিজের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। বিদায়ের মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছে তাঁর নিজের লেখা একটি বার্তা।

ইনস্টাগ্রামে আর্জেন্টিনার জার্সিতে নিজের সেরা মুহূর্তগুলোর একটি ভিডিও প্রকাশ করে ওতামেন্দি লিখেছেন, ‘আজ আমাকে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে।

ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখতাম। আমি আমার আত্মা, অগাধ গর্ব এবং কোটি কোটি আর্জেন্টাইনের কাছে এই জার্সির আবেগ ও দায়িত্বের মূল্য অনুধাবন করেই একে মাঠের লড়াইয়ে আগলে রেখেছি।’

এই কয়েকটি বাক্যেই যেন ফুটে উঠেছে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের আবেগ, গর্ব ও দায়িত্ববোধ।

যে জার্সি পরার স্বপ্ন দেখেছিলেন শৈশব থেকে, সেই জার্সিই শেষ পর্যন্ত হয়ে উঠেছিল তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মানের প্রতীক।

আর্জেন্টিনার হয়ে ওতামেন্দির শেষ ম্যাচটি ছিল বিশ্বকাপ ফাইনাল। স্পেনের বিপক্ষে সেই ম্যাচে ১–০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে এমন এক পরাজয় দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে হয়েছে তাঁকে। তবু সেই হার তাঁর গর্বকে ম্লান করতে পারেনি।

বিদায়ী বার্তায় ওতামেন্দি লিখেছেন, ‘ভাগ্যই যেন ঠিক করে রেখেছিল, আমার শেষ ম্যাচ হবে বিশ্বকাপ ফাইনাল। ফলটা অবশ্য আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি।

তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে লড়েছে।’

এরপরই উঠে এসেছে একজন যোদ্ধার আত্মতৃপ্তি-‘মাঠে আমি আমার সবকিছুই দিয়ে এসেছি-এ তৃপ্তি নিয়েই বিদায় নিচ্ছি।

কখনো একফোঁটা চেষ্টারও কমতি রাখিনি, কখনো বিশ্বাস হারাইনি। আর এই জার্সিকে জীবনের সবচেয়ে বড় সম্মান হিসেবেই সব সময় অনুভব করেছি।’

আর্জেন্টিনার জার্সিতে ওতামেন্দির পথচলা কম গৌরবের নয়। চারটি বিশ্বকাপে অংশ নেওয়া এই সেন্টারব্যাক জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৯টি ম্যাচ। তাঁর নামের পাশে রয়েছে ৮টি গোল।

জিতেছেন ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা। সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপেও তিনি ছিলেন আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য।

জাতীয় দলের হয়ে দীর্ঘ এই যাত্রার ইতি টেনে ওতামেন্দি এখন ফিরেছেন নিজের দেশের ক্লাব ফুটবলে।

ইউরোপে ১৭ বছরের সফল অধ্যায় শেষে তিনি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে।

ইউরোপের ফুটবলে তাঁর পথচলায় ছিল পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো বড় ক্লাব।

তবে বিদায়ের শেষ কথাগুলোতে ক্লাব নয়, বারবার ফিরে এসেছে আর্জেন্টিনা।

যে দেশ তাঁকে বিশ্বমঞ্চে নিজের স্বপ্ন পূরণের সুযোগ দিয়েছিল, সেই দেশের প্রতিই শেষবারের মতো কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

ওতামেন্দির বিদায়ী বার্তার শেষ লাইনটি যেন তাঁর পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারের সারাংশ-‘ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ।’

বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের ক্ষত হয়তো তাঁর মনে অনেক দিনই থেকে যাবে। কিন্তু সেই ক্ষতের পাশেই থাকবে বিশ্বকাপ জয়, দুটি কোপা আমেরিকার গৌরব, ১৩৯টি ম্যাচ আর আর্জেন্টিনার জার্সিতে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার এক দীর্ঘ স্মৃতি।

শেষ পর্যন্ত তাই ওতামেন্দির বিদায় কেবল একজন ফুটবলারের অবসর নয়, এটি একটি প্রজন্মের লড়াকু সৈনিকের প্রিয় জার্সিকে ভালোবাসা ও গর্বের সঙ্গে তুলে রাখার গল্প।