ফেসবুকে পরীমণির ঘোষণা, আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১২:৫৭

দেশের ফুটবলপ্রেমীদের নজর এখন আটলান্টার মাঠে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় এক ব্যতিক্রমী ঘোষণায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী ম্যাচ চলাকালীন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’ স্ট্যাটাসের শেষে যোগ করেন কয়েকটি হাস্যরসাত্মক ইমোজিও।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। মাত্র ২০ মিনিটের মধ্যেই পোস্টটিতে ৪২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার শেয়ার দেখা যায়। তবে মন্তব্যের ঘর বন্ধ রেখেছিলেন পরীমণি।

অবশ্য ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বহুবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে তার ব্যক্তিজীবন দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গনের আলোচিত বিষয়।

জানা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর প্রকাশ্যে আসে।

এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি সামনে আসে। পরে তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলেও শোনা যায়।

এরপর ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করে নতুন করে আলোচনায় আসেন পরীমণি।

রাজ-পরীমণি দম্পতির সংসারে জন্ম নেয় পুত্রসন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। তবে নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়।

বর্তমানে ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই পরীমণির ব্যস্ততা। সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করে তোলার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের কাজেও নিয়মিত সময় দিচ্ছেন তিনি।

এমন এক সময়ে ফুটবল ম্যাচকে ঘিরে তার দেওয়া ‘আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে’-সংক্রান্ত ঘোষণা অনেকের কাছেই নিছক রসিকতা হিসেবে ধরা দিয়েছে।

তবে মজার এই স্ট্যাটাসই ম্যাচের উত্তেজনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ভক্তদের জন্য বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।