চকবাজারের জামান হোটেলে অনিয়মের ছড়াছড়ি, জরিমানা ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৮:৪৭

চকবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পুডিং এবং খাদ্য তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র পাওয়ায় জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে হোটেলটির রান্নাঘরে তেলাপোকার বিচরণ, খোলা ডাস্টবিন, স্যাঁতসেঁতে ও ভাঙা মেঝে এবং মেয়াদোত্তীর্ণ পুডিং পাওয়া যায়।

এ ছাড়া নানরুটি তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র ও তেলাপোকার উপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশে ডিম সংরক্ষণ, পানীয় পানের স্ট্রতে ময়লা এবং পরিষ্কারের কাজে অননুমোদিত রাসায়নিক ব্যবহারের মতো অনিয়মও ধরা পড়ে।চকবাজার

নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযানে খাদ্য তৈরি ও সংরক্ষণব্যবস্থায় বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া গেছে।

রান্নাঘরে তেলাপোকার বিচরণ, খাদ্য তৈরির সরঞ্জামে ইঁদুরের মলমূত্র, মেয়াদোত্তীর্ণ পুডিং এবং পরিষ্কারের কাজে অননুমোদিত রাসায়নিকের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় জরিমানা আরোপ করা হয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।