চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু (৩৫) এক মামলায় জামিন পেলেও কারাগার থেকে আর বের হতে পারেননি।
মুক্তির প্রক্রিয়া শেষ হওয়ার মুহূর্তে নতুন একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় শেষ পর্যন্ত কারাগারেই থাকতে হয়েছে তাকে।
রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
পুলিশের ভাষ্য, টেম্পু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। অতীতে ১৩ বার গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন। এ কারণে নতুন একটি মামলায় তাকে আইনানুগভাবে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ইসমাইল হোসেন ওরফে টেম্পুকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আদালত তার মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী কারা কর্তৃপক্ষও তার মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে কারাগার থেকে বের হওয়ার কথা ছিল টেম্পুর।
তবে মুক্তির ঠিক আগেই পরিস্থিতি বদলে যায়। নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি তার বিরুদ্ধে থাকা প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় শেষ পর্যন্ত কারাগার থেকে বের হতে পারেননি তিনি।
পুলিশের তথ্যমতে, টেম্পুর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ অন্তত ৩০টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও দাবি করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ১৩ বার গ্রেফতার হওয়ার পরও প্রতিবার জামিনে মুক্ত হয়ে টেম্পু পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
ফলে এক মামলায় আদালতের জামিনের নির্দেশ থাকলেও নতুন মামলায় গ্রেফতার এবং পিডব্লিউডি বহাল থাকায় এবারও কারাগারের বাইরে যাওয়া হলো না ইসমাইল হোসেন ওরফে টেম্পুর।
