এইচএসসি স্থগিত পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ: শুরু ২০ আগস্ট

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৭:৪১

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত লিখিত পরীক্ষাগুলো আবার শুরু হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরী মঙ্গলবার (৪ আগস্ট) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত লিখিত পরীক্ষাগুলো পর্যায়ক্রমে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ৯ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে স্থগিত পরীক্ষার নতুন পর্ব শুরু হবে। এরপর ২২ আগস্ট অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা।

২৪ আগস্ট একসঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট বিষয়গুলোর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ২৭ আগস্ট।

এরপর ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে।

২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

সবশেষে ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে।

প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, বিশেষ প্রয়োজনে প্রকাশিত সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার শিক্ষা বোর্ড সংরক্ষণ করে।

তাই স্থগিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুসরণ করার পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রের নির্দেশনার প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।