রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় ভোরের নিস্তব্ধতা ভেঙে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে গেলে তিনজন নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।
গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গামাটি শহরের কল্যানপুর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।
পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। মুহূর্তেই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
ঘটনাস্থলে নিহতরা হলেন-মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
গুরুতর আহত শোভা চাকমা (৫২)-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং অপর যাত্রী সুমন চাকমা (৪৫) গুরুতর আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে শোভা চাকমা নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পিকআপটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটির সাংসদ দীপেন দেওয়ান নিহত ও আহতদের দেখতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান।
সেখানে তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।
রাঙ্গামাটির জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় হাসপাতালে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজখবর নেন।
ভোরের একটি স্বাভাবিক যাত্রা যে এতটা মর্মান্তিক পরিণতি ডেকে আনবে, তা কেউ ভাবেননি।
মানিকছড়ির মহাসড়কে মুহূর্তের সেই দুর্ঘটনায় চারটি প্রাণ ঝরে যাওয়ায় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
